অস্ট্রেলিয়ার মডেল জেমা ডয়েল বালির একটি পোশাকের দোকান থেকে বিকিনি চুরি করার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন। চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়।
২৬ বছর বয়সী জেমা ডয়েল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় স্বীকার করেন, “আমি কিছুটা বোকামি করে সুইমস্যুটটি নিয়েছি। আমি জানি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এবং এটা সত্যি।” তিনি দাবি করেন, জীবনে আগে কখনও চুরি করেননি এবং বিকিনিটি মাত্র ‘মজার ছলে’ নিয়েছিলেন।
পরবর্তীতে জেমা একটি নতুন ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বলেন, “যা নিয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দোকানের মালিক ও সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাপ্রার্থী।” তিনি আরও জানান, দোকানের মালিকের সঙ্গে দেখা করে পণ্য ফেরত দিয়েছেন এবং ক্ষতিপূরণ হিসেবে দ্বিগুণ মূল্য পরিশোধের প্রস্তাব দিয়েছেন।
ঘটনার পর জেমা জানান, ভাইরাল ভিডিওর কারণে তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। তবে দেশটির পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের সমঝোতার পর মামলা তুলে নেওয়া হয়েছে। জেমা বিকিনির ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৮৩৫ পাউন্ড পরিশোধ করেছেন।
এমএ//