আন্তর্জাতিক

ইরানকে ঠেকাতে যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাজ্য সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নিচ্ছে না।

সোমবার (০২ মার্চ) প্রকাশিত এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য আরও সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।ব্রিটিশ যুদ্ধবিমানগুলো যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইতোমধ্যে ইরানের কয়েকটি হামলা প্রতিহত করতে সহায়তা করেছে।

তিনি আরও বলেন, সংঘাত নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে উৎপত্তিস্থলেই ধ্বংস করা। এ ক্ষেত্রে ইরানের যেসব স্থানে ক্ষেপণাস্ত্র মজুত বা উৎক্ষেপণ করা হয়, সেগুলো লক্ষ্যবস্তু করার কৌশলের কথাও তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল বলে জানান স্টারমার। ওয়াশিংটনের অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটি মিত্র দেশগুলোর যৌথ আত্মরক্ষামূলক কৌশলের অংশ বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কয়েকটি উপসাগরীয় দেশ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ইরানের সর্বোচ্চ নেত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং উত্তরসূরি নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষামূলক অবস্থান শক্ত করতে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ ব্যবহারের পরিকল্পনা করতে পারে। এই ঘাঁটি ইরান থেকে প্রায় ৫ হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বিশেষ করে এখান থেকে দূরপাল্লার বোমারু বিমান মোতায়েনের সুবিধা রয়েছে। এছাড়াও ইরানের তৈরি ‘শাহেদ–১৩৬’ ড্রোনের পাল্লা ওই ঘাঁটি পর্যন্ত পৌঁছাতে সক্ষম। দিয়েগো গার্সিয়াতে প্রায় ৪ হাজার মানুষ অবস্থান করছেন, যাদের অধিকাংশই মার্কিন সামরিক সদস্য ও ঠিকাদার।

 

সূত্র:  আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট আই

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #যুক্তরাজ্য #ইরান #ব্রিটিশ প্রধানমন্ত্রী #কিয়ার স্টারমার