আন্তর্জাতিক

ইরানে পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: আইএইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পাওয়া যায়নি। জানিয়েছেন, জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

মঙ্গলবার (০৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজ–কে দেয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, সংস্থাটি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো ‘পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান’ শনাক্ত করতে পারেনি।

তবে তিনি নিশ্চিত করেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে—যা বেসামরিক জ্বালানি কর্মসূচির প্রয়োজনের তুলনায় অনেক বেশি। গ্রোসি বলেন, এ ধরনের উচ্চমাত্রার সমৃদ্ধকরণ সাধারণত কেবল পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোই করে থাকে।

তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকেরা এ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির সুস্পষ্ট ইচ্ছা পোষণ করছে। তবে ইউরেনিয়ামের ক্রমবর্ধমান মজুত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গ্রোসি জানান, এই সমৃদ্ধকরণই আন্তর্জাতিক উদ্বেগের মূল উৎস। এত উচ্চমাত্রার উপাদান জমা করার কোনো স্পষ্ট বেসামরিক উদ্দেশ্য দৃশ্যমান নয়। 

তিনি জানান, সেন্ট্রিফিউজগুলো নিরবচ্ছিন্নভাবে ঘুরছিল এবং ক্রমে আরও বেশি উপাদান উৎপাদন করছিল। তাত্ত্বিকভাবে এই মজুত ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট হতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের কাছে বর্তমানে কোনো প্রস্তুত ওয়ারহেডের প্রমাণ নেই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পারমাণবিক অস্ত্র #আইএইএ #আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা #ইরান #যুক্তরাষ্ট্র #ইসরাইল