সিঙ্গাপুর থেকে দুই লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে আগামীকাল ৯ মার্চ বিকেলে চট্টগ্রাম বন্দরে ভিড়বে দুটি জাহাজ। ইতোমধ্যে ফার্নেস অয়েল, এলএনজি ও এলপিজি বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
রোববার (৮ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা এসব ডিজেল বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ওই দিন রাতে খালাস কার্যক্রম শুরু হবে।
সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেদের কর্মকর্তারা জানিয়েছে , এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে একটি মাদার ভেসেল সৌদি আরবের রাস তানুয়া বন্দরে আটকা পড়েছে। এমটি নর্ডিক পলাঙ নামের জাহাজটি গত ২ মার্চ সকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জাহাজটিতে ক্রুড অয়েল লোড করা হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি এখনও বন্দরে নোঙর করে আছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তেল ভর্তি জাহাজটি রওনা দিতে পারছে না।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ধান্না বন্দর থেকে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার শিডিউল রয়েছে। ওই জাহাজটিতেও এক লাখ টন তেল আনার কথা রয়েছে। তবে জাহাজটি হরমুজ প্রণালির বদলে অন্য নৌপথ হয়ে দেশে আসবে। এ কারণে নির্ধারিত সময়ে তেল লোড করে আসতে সমস্যা হবে না বলে আশা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের।
আই/এ