রাজশাহীর বাঘায় সিএনজি ও ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও দুজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি চালক পাঁচজন যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে নিহত হন লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪২), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান মিস্ত্রী (৪৫), এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
ওসি সেরাজুল হক বলেন, দুর্ঘটনার পর নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই/এ