রাজধানী

রাজধানীতে ৪৭ কঙ্কাল উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে ৪৭টি মানবদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)। এদের মধ্যে সৌমিক এবং ফয়সাল সাপোরা ডেন্টাল কলেজের শিক্ষার্থী।

মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি তেজগাঁও বিভাগের পুলিশের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সামনে রাস্তার ওপর অবৈধ উপয়ে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

ডিসি ইবনে মিজান বলেন, পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ৯ মার্চ সকালে তেজগাঁও কলেজের সামনে থেকে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

 পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই চক্র ময়মনসিংহ, শেরপুর, জামালপুর  গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কঙ্কাল