ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও ইরানের পক্ষ থেকে হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এই যুদ্ধ কখন শেষ হবে—সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র ইরানেরই। এরইমধ্যে ইরানের সঙ্গে তাল মিলিয়ে হামলা জোরদার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বুধবার (১১ মার্চ) গভীর রাতে ইসরাইলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
লেবানন সীমান্ত থেকে পাওয়া তথ্যের বরাতে আল-জাজিরার প্রতিবেদক জানান, অল্প সময়ের ব্যবধানে অন্তত তিন দফা বড় ধরনের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর দাবি, লেবানন থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। হামলার তীব্রতায় উত্তর ইসরাইলের আকাশ কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে।
পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলের সেনাবাহিনী (আইডিএফ) উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। পাশাপাশি সবাইকে দ্রুত বোমা আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনা এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। একইসঙ্গে ইসরাইলের বিভিন্ন শহরে টানা বিমান হামলার সাইরেন বাজছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
এসি//