বগুড়ার শাজাহানপুরে আলুর বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতে সংগঠনের জেলা শাখার দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ করা হয়।
এতে বলা হয়, দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি আপনারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন যা সমাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টিগোচর হয়েছে। যা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি। আপনাদের এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে।
অতএব, কেন আপনাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাতে নির্দেশ দেওয়া হলো। ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ভুক্তভোগী কৃষক মেহেদী হাবিব আব্বাসী অভিযোগ করেছেন, আয়ুব আলী ও মোমিনের নেতৃত্বে আলুবাহী ট্রাক আটকে চাঁদা দাবি করা করেন। তাদের বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা দিলেই কৃষকরা রেহাই পান।
তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেন। পরে বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত লোকজন টের পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করেন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীলদের নজরে আসে বিষয়টি।
আই/এ