ধর্ম

আজ পবিত্র লাইলাতুল কদর 

বায়ান্ন প্রতিবেদন

আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। মুসলমানদের কাছে এটি বছরের অন্যতম মহিমান্বিত ও বরকতময় রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে রাত কাটাবেন।

ইসলামি বর্ণনা অনুযায়ী, পবিত্র রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। এ উপলক্ষে বাংলাদেশে প্রতি বছর ২৭ রমজান সরকারি ছুটি পালন করা হয়।

মুসলমানদের বিশ্বাস, এ রাতেই মহান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য হিদায়াতের গ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেন। কোরআনে ‘আল-কদর’ নামে একটি সূরাও রয়েছে, যেখানে এই রাতের মর্যাদা ও ফজিলতের কথা বর্ণিত হয়েছে। ‘শবেকদর’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে—এখানে ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা বা সম্মান। আরবি ভাষায় এ রাতকে বলা হয় লাইলাতুল কদর, যার অর্থ মহিমান্বিত বা সম্মানিত রাত।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহ তায়ালা মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং বান্দাদের মর্যাদা বৃদ্ধি করেন। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পুণ্যময়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও দোয়া করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন।

পবিত্র কোরআনে উল্লেখ আছে, শবেকদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। ফলে এই রাতে আন্তরিকভাবে ইবাদত করলে অন্য সময়ের দীর্ঘ ইবাদতের চেয়েও অধিক সওয়াব লাভের আশা করা যায়। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও গুনাহ মাফ এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদতে মশগুল থাকবেন।

পবিত্র শবেকদর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনএবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী রোববার (১৫ মার্চ) বিকাল ৫টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে তিনি দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, এই রাত ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ সৃষ্টি করে। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা এবং মানবিক গুণাবলির বিকাশের মাস বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রাণিত করে। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান।

তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র এই রাতের অসীম রহমত ও বরকত সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে এগিয়ে যায়।

এদিকে শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবেকদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শবেকদর #পবিত্র লাইলাতুল কদর