শুরু হয়ে গেছে ঈদের ছুটি। রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। শিল্প-কারখানায় ছুটি ঘোষণার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চন্দ্রা এলাকায় দেখা যায়, পর্যাপ্ত বাস না পেয়ে অনেক যাত্রী খোলা ট্রাক, পিকআপ এমনকি বাসের ছাদে করেও বাড়ির পথে রওনা হচ্ছেন। বড় ধরনের যানজট না থাকলেও ধীরগতির কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে শিল্প-কারখানায় ছুটি দেওয়া হলেও মঙ্গলবার সকাল থেকেই বিপুলসংখ্যক শ্রমিক একসঙ্গে বাড়ির পথে বের হয়েছেন। ফলে মহাসড়কে বেড়েছে যাত্রী চাপ।
এদিকে প্রতিবারের মতো এবারও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকেই জানান, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। এ কারণে কেউ কেউ ঝুঁকি নিয়ে বিকল্প যানবাহনে যাত্রা করছেন।
তবে মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//