দেশজুড়ে

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল মা-বাবা-ছেলের

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত আরও একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শরিফুল পাটগ্রামে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ঈদের ছুটি উপলক্ষে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী ও ছেলে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত মেয়েকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ‎

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবিনা বলেন, ঘটনাস্থলেই দুর্ঘটনার শিকার নারী মারা গেছেন। আর হাসপাতালে অন্য দুজন মারা যায়। আরেক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদযাত্রা #সড়ক দূর্ঘটনা