দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, বাড়ছে যানবাহনের চাপ

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গাজীপুরের শিল্পাঞ্চলে ছুটি শুরু হওয়ায় পরিস্থিতি আরও চাপের মুখে পড়েছে।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকে মহাসড়কের চন্দ্রা এলাকায় প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও পুলিশি তৎপরতায় কিছুটা চলাচল স্বাভাবিক থাকলেও অধিকাংশ স্থানে থেমে থেমে যান চলেছে।

জানা গেছে, মঙ্গলবার থেকে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি শুরু হয়েছে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। অনেক কারখানায় ১০ থেকে ১২ দিনের ছুটি দেওয়ায় বিপুলসংখ্যক শ্রমিক একসঙ্গে বাড়ির পথে রওনা হয়েছেন।

চন্দ্রা মোড় থেকে মৌচাক পর্যন্ত সড়কে যানজট সবচেয়ে বেশি দেখা গেছে। তবে নবীনগর থেকে চন্দ্রা অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক ছিল।

স্থানীয়রা জানান, চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যত্রতত্র গাড়ি থামানো এবং সড়কের ওপর আড়াআড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে জট আরও বেড়েছে। এতে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

এক পরিবহন চালক জানান, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানজট না থাকলেও এরপর থেকেই ধীরগতিতে চলতে হচ্ছে। দীর্ঘ সময়েও খুব কম দূরত্ব অতিক্রম করা যাচ্ছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, রাতে শিল্পকারখানা বন্ধ হওয়ায় হঠাৎ করে যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান পথ হওয়ায় চন্দ্রা এলাকায় যানজট তৈরি হচ্ছে।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল ফিতর #ঈদ #ঈদযাত্রা