আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইউ ভিসা পেতে সাজানো ডাকাতির অভিযোগ, অভিযুক্ত ১১ ভারতীয়

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিবাসন সুবিধা ‘ইউ ভিসা’ পাওয়ার উদ্দেশ্যে ভুয়া সশস্ত্র ডাকাতির ঘটনা সাজানোর অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ।

শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) জানিয়েছে, ২০২৩ সালের মার্চে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্তত ছয়টি দোকানে পরিকল্পিতভাবে এসব ‘নাটকীয়’ ডাকাতির ঘটনা ঘটানো হয়। 

অভিযোগে বলা হয়, কিছু ব্যক্তি নিজেদের সহিংস অপরাধের শিকার হিসেবে দেখিয়ে ইউ ভিসার আবেদন করার জন্য এই পরিকল্পনা করেন। সে অনুযায়ী, একজন ব্যক্তি ডাকাত সেজে দোকানে ঢুকে অস্ত্রের মতো কিছু দেখিয়ে টাকা নিয়ে পালাতেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধারণ করা হতো। এরপর কিছু সময় অপেক্ষা করে পুলিশকে খবর দেওয়া হতো এবং ওই ভিডিওকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হতো।

তদন্তে উঠে এসেছে, এই পরিকল্পনার মূল হোতা নিউইয়র্কে বসবাসকারী রাজ প্যাটেল। অভিযোগ অনুযায়ী, যেসব ব্যক্তি ‘ভুক্তভোগী’ হিসেবে আবেদন করতে চেয়েছিলেন তারা তাকে প্রায় ১০ হাজার ডলার পর্যন্ত দিতেন। পরে দোকান মালিকদেরও কয়েক হাজার ডলার দিয়ে এসব সাজানো ঘটনা ঘটানো হতো। ইতোমধ্যে রাজ প্যাটেল আদালতে দোষ স্বীকার করেছেন।

যেসব দোকানে এসব ঘটনা ঘটানো হয়, তার মধ্যে রয়েছে বিভিন্ন কনভিনিয়েন্স স্টোর ও মদের দোকান।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, গুরুতর অপরাধের শিকার হয়ে তদন্তে সহায়তা করলে বিদেশি নাগরিকরা ইউ ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসা সাধারণত চার বছর পর্যন্ত বৈধ থাকে এবং নির্দিষ্ট ক্ষেত্রে পরিবারের সদস্যরাও এর সুবিধা পেতে পারেন।

অভিযুক্তদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদের কেউ ম্যাসাচুসেটসে গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হয়েছেন, আবার কেউ অন্য অঙ্গরাজ্যে আটক হয়েছেন। তাদের বোস্টনে আদালতে তোলা হবে।

আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড, তিন বছর পর্যবেক্ষণে মুক্তি এবং উল্লেখযোগ্য অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে। তবে আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সবাই আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইউ ভিসা