খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চার জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন– কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং আরেক ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে খুলনার লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরকীয়ার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অংশ নেয় ছয় জন। তাদের সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় তিন বছর আগে জেলে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করতো। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে যায়। পরে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে।
এ ঘটনায় ইমরান ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
আই/এ