ধর্ম

ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম

ছবি: সংগৃহীত ফাইল ছবি

পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটিয়ে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনের প্রধান ইবাদত হলো ঈদের নামাজ, যা সাধারণত খোলা মাঠ বা মসজিদে জামাতে আদায় করা হয়।

ঈদের নামাজ ওয়াজিব এবং এটি দুই রাকাতের। এই নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির রয়েছে, যা সাধারণ নামাজের চেয়ে কিছুটা ভিন্নতা তৈরি করে।

নামাজ আদায়ের পদ্ধতি

প্রথম রাকাত:

ইমামের সঙ্গে নিয়ত করে তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধতে হবে। সানা পড়ার পর তিনবার অতিরিক্ত তাকবির বলা হবে। প্রতিবার তাকবিরের সময় হাত কানের কাছে তুলে ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবিরের পর হাত বেঁধে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়তে হবে। এরপর রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করতে হবে।

দ্বিতীয় রাকাত:

প্রথমে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়া হবে। এরপর তিনবার অতিরিক্ত তাকবির বলা হবে (প্রতিবার হাত ছেড়ে দিতে হবে)। চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে। সিজদা শেষে তাশাহহুদ, দুরুদ ও দোয়া পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

নামাজ শেষে খুতবা শোনা ওয়াজিব। ঈদের খুতবা সাধারণত দুই অংশে প্রদান করা হয়, যেখানে ধর্মীয় উপদেশ, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণের বিষয়ে আলোচনা করা হয়।

ইসলামিক চিন্তাবিদরা বলেন, ঈদের নামাজ শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ। তাই যথাযথ নিয়ম মেনে খুশি ও ভক্তিভরে ঈদের নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #ঈদের নামাজ #ঈদুল ফিতর