কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
ঈদের দিন শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং আহত ও নিহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা সিগন্যালম্যানের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তারা জানান, জরুরি সেবা নম্বরেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে সঠিক সিগন্যাল না থাকায় বাসটি রেললাইনে উঠে যায় এবং দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানিয়েছেন, এখন পর্যন্ত ১২টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ১০ জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
এমএ//