প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা নিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২২ মার্চ) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বক্তব্য আংশিকভাবে তুলে ধরে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, জাইমা রহমান লন্ডনে স্কুলজীবনে ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে দক্ষতা দেখানোর কারণে চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
প্রতিমন্ত্রী জানান, এ তথ্য তিনি নিজে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকেই শুনেছেন। তবে পরিবার থেকে তাকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়, ফলে তিনি খেলাধুলায় এগিয়ে যাননি।
নিজের বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়। সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক বলেন, জাইমা রহমান তাকে বলেছিলেন, “আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।” মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তার বিশেষ দক্ষতা ছিল।
তিনি আরও বলেন, ইউরোপে শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, তবে শেষ পর্যন্ত তিনি শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন।
সামাজিক মাধ্যমে এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি পুরো ঘটনা ব্যাখ্যা করেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এমএ//