বিএনপি

‘শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার’

বায়ান্ন প্রতিবেদন

কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন  প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিয়ে তিনি বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।

হোয়াইট হাউসের উদ্যোগে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুদিনব্যাপী সম্মেলনে বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, ফার্স্ট লেডি ও ফার্স্ট জেন্টেলম্যান এবং সমমর্যাদার নেতাদের সঙ্গে যোগ দেন ডা. জুবাইদা রহমান।

সম্মেলনের উদ্বোধন করে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল। এখানে শিশুদের সফল হওয়ার জন্য যেসব দক্ষতা প্রয়োজন, তার ব্যবস্থা করতে আজ থেকেই একযোগে সবাইকে কাজ করতে হবে।

আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, কীভাবে তিনি তার কাজের পরিধি সম্প্রসারণ করে বৈশ্বিক বিষয়গুলোও অন্তর্ভুক্ত করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়বদ্ধ ও নৈতিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেন।

তিনি তার বক্তব্যে নারী, শিশু ও পরিবারের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

ডা. জুবাইদা রহমান বলেন, তিনি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশের প্রতিনিধিত্ব করছেন, যখন সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার তারেক রহমানের নেতৃত্বে বিপুল জনসমর্থন নিয়ে কার্যক্রম শুরু করেছে। নতুন সরকারের মূল লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল একটি জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #এআই #ডা. জুবাইদা রহমান #তারেক রহমান