রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় র্যাব। এতে বলা হয়, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ‘শুটার’দের শনাক্ত করে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
গেল বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। পরে পালানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠার সময় চালককে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
এমএ//