বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে অটোরিকশা (ইজিবাইক) ও মোটরসাইকেলকে যাত্রীবাহী বাস চাপা দেয়ায় একজন নিহত হয়েছেন। নিহত হেমায়েত রাজা (৪০) বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ছেলে নাঈম রাজাসহ (১৮) কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া রেইন্ট্রিতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার বাকেরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,শ্রাবনী নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে একটি অটোরিকশা ওভারটেক করতে যায়। এ সময় একটি মোটরসাইকেল বাসের সামনে পড়ে যায়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই হেমায়েত রাজার মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাসে থাকা যাত্রীরা জনিয়েছে, বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।
নিহতের স্ত্রী লিপি বেগম জানিয়েছে, হেমায়েত ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে তিনি একটি জমি কিনেছিলেন। আজ ওই জমির রেজিস্ট্রি করতে ছেলেকে নিয়ে অটোরিকশায় করে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন।
এসআই শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ