আন্তর্জাতিক

ইরানেই আছেন মোজতবা খামেনি!

আন্তর্জাতিক ডেস্ক

সব ধরনের জল্পনা–কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদভ সংবাদমাধ্যম আরটিভিআইকে নিশ্চিত করেছেন, যে মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। তবে “বোধগম্য কারণেই” তিনি আপাতত জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন বলে জানান তিনি।

মস্কোর এই নিশ্চিতকরণকে তেহরানের সঙ্গে রাশিয়ার চলমান কূটনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় এক মাস পার হলেও মোজতবা খামেনিকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর কয়েক দিন পর তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পর থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে তার একাধিক বক্তব্য পাঠ করা হলেও সরাসরি তার উপস্থিতি দেখা না যাওয়ায় নানা ধরনের গুজব ও আলোচনা তৈরি হয়।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন প্রচারও চালানো হয় যে নতুন সর্বোচ্চ নেতা আহত এবং সম্ভবত গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। পাশাপাশি কিছু আন্তর্জাতিক মাধ্যমে দাবি করা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য তাকে মস্কোতে নেওয়া হয়েছে। তবে এসব দাবির কোনো স্বাধীন নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

 

এদিকে দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকলেও ইরানের অভ্যন্তরে তার প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশে কোনো ঘাটতি দেখা যায়নি। গত এক মাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার প্রতি সমর্থন জানায়। একই সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে বলে দাবি করা হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মোজতবা খামেনি #ইরান