জাতীয়

পাম্পে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায় : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক। আপনি পাম্পে গেলে তেল পাচ্ছেন, সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন- তাহলে সমস্যা কোথায়? এখন পর্যন্ত জ্বালানির কারণে কোনও কার্যক্রম ব্যাহত হয়নি।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের তোপখানায় মন্ত্রীর নিজ বাসভবনে  তিনি এ কথা বলেন।

আব্দুল মুক্তাদির বলেন,  আমি যদি আতঙ্কিত হই, আমার পাশে থাকা মানুষও আতঙ্কিত হবেন। এই আতঙ্ক আবার অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে। কিন্তু বাস্তবে এখনও এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে আতঙ্কিত হতে হবে।

তিনি বলেন, ‘সরকার দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং অতীতেও দ্রব্যমূল্যের চাপ দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে। জনগণের সহযোগিতাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন,  এলপিজি গ্যাসের দাম বেড়েছে, কারণ এখানে দাম নির্ধারণের একটি ফর্মুলা আছে। সৌদির আরামকোর সিপি প্রাইসের সঙ্গে একটি প্রিমিয়াম যোগ করে দেশে মার্কেটে দাম আসে। যেখানে উৎস দেশে দাম বেড়ে গেছে, তার প্রভাব এখানে পড়বেই। ক্রুড অয়েলের মূল্য কিছু দিন আগে ৫৫-৬০ ডলার ছিল। এখন তা ১১৬ ডলারে পৌঁছেছে। তবে এই সরকারের স্বার্থে এবং জনগণের স্বার্থ রক্ষার্থে দাম আগের মতোই রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত কষ্ট না পায়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাণিজ্যমন্ত্রী