বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশ বিক্রির কথাটি অত্যন্ত সস্তা ও অমূলক। চট্রগ্রাম বন্দরের যে কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে, তার জমির মালিক বাংলাদেশ সরকার। মালিকানা কাউকে দেওয়া হয়নি; কেবল নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেয়াদ শেষে সরকার চাইলে চুক্তি নবায়ন হবে, নয়তো বাতিল হবে। তাহলে দেশ বিক্রি কিভাবে হলো? আমরা যে সিটি করপোরেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে কোনো ফ্লোর যদি কাউকে ভাড়া দেওয়া হয়, তার মানে কি ভবনটি বিক্রি করে দেওয়া হলো? আপনারা নিজেরাই তা বিবেচনা করুন।
তিনি বলেন, টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নির্দিষ্ট মেয়াদের জন্য এ চুক্তি করা হয়েছে। এতে বন্দরের সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে। বিদেশি বিনিয়োগ বা দেশীয় নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে হলে পণ্য উৎপাদন, রপ্তানি ও বাজারজাতকরণের ব্যয় বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য বন্দরের পরিচালন সক্ষমতা বাড়ানো। কনটেইনার হ্যান্ডলিং দ্রুত হলে বন্দরে জাহাজের অপেক্ষমাণ সময় (ডুয়েলিং টাইম) কমে আসবে। এতে আমদানি পণ্যের ইউনিট প্রতি খরচ ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) হ্রাস পাবে, যার সুফল পাবেন দেশের সাধারণ ভোক্তারা।
অনুষ্ঠানে সিলেট নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন মন্ত্রী।
আই/এ