জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। এ সময় এক যুবককে জামায়াত শিবির দাবি করে মুসল্লিদের সাথে উত্তেজনার ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেককে অপসারণ করার ষড়যন্ত্র করছে। তাই সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছেন।
তারা বলেন, হুজুর (মুফতি আব্দুল মালেক) ইসলামের কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, ধর্মের কথা বলবেন কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। হুজুর যখনই বয়ান করেন, নিরপেক্ষ বয়ান করেন। মুনাফিকি রাজনীতি বাংলাদেশের মাটিতে কখনো চলবে না।
এ সময় মুসল্লিরা ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে শোনা যায়। তবে সেখানে জামায়াতের কোনও কর্মসূচি ছিল না বলে জানা গেছে।
ওসি আরিফুল আলম বলেন, ‘বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম ছিল বলে একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।’
আই/এ