জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি আবারও নতুন করে প্রস্তাব করবে মালিক-শ্রমিকপক্ষ

 পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। উভয়পক্ষই একে অপরের দেওয়া প্রস্তাবে একমত হতে না পারায় নতুন করে সংশোধিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৃতীয় সভা শেষে  এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকপক্ষের প্রতিনিধিদের কাছে যৌক্তিক মনে হয়নি। অন্যদিকে, শ্রমিকপক্ষের আগের প্রস্তাবও যথাযথ মনে করছে না মালিকপক্ষ। এ কারণে দুই পক্ষকেই সংশোধিত প্রস্তাব দিতে বলা হয়েছে। তাদের নতুন প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ সম্পর্কে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্তভাবে যে মজুরি নির্ধারণ করবে, তা বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হোক, তা তারা চান না। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে যে বিবৃতি বা বক্তব্য দেবে, সেটিই গ্রহণ করতে হবে। কেউ ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে মজুরি সম্পর্কিত কোনো তথ্য দিলে সেটি বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।

তিনি আরও বলেন,  বোর্ড তথ্য-উপাত্ত ও নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করছে। ব্যক্তিগতভাবে তিনি এবং বোর্ডের অন্য সদস্যরা শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন। চেয়ারম্যান হিসেবে তার আইনি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে বিষয়গুলো সমন্বয়ের চেষ্টা করছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মজুরি