দেশজুড়ে

অবৈধভাবে মজুত করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় জ্বালানি তেল মজুতকারী তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে- র‍্যাবের মাধ্যমে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলানা করা হয়। এ সময় খোলা জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত এবং সংকট তৈরি করে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় ওই তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব দোকানের জ্বালানি তেল বিক্রির কোন অনুমোদন ছিল না বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া