বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশির শ্রমবাজার খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ স্বচ্ছ ও নৈতিক নিয়োগপ্রক্রিয়া নিশ্চিতে সম্মত হয়েছে দুই দেশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসনের বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, এ বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার আবার খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে।
এর আগে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তাঁর সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
প্রসঙ্গত, বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে আলোচনা করতে গতকাল বুধবার মালয়েশিয়ায় যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার নিয়ে আলোচনা করতে এটি প্রথম সফর।
আই/এ