আন্তর্জাতিক

১০ মিনিটে ১০০ বিমান হামলা

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২০৩

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

লেবাননজুড়ে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় আরও অন্তত এক হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেন, বুধবার রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে চালানো ইসরাইলি বিমান হামলায় মৃতের সংখ্যা ২০৩ জনে পৌঁছেছে এবং অন্তত ১,০০০ জন আহত হয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, এ হামলায় ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছিল।

এদিকে, চলমান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির অভিযোগ, বাজারসহ জনবহুল বেসামরিক এলাকায় হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, বিভিন্ন ফ্রন্টে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইসরাইল হতাশার বহিঃপ্রকাশ হিসেবে এ ধরনের হামলা চালাচ্ছে। একই সঙ্গে তারা জানিয়েছে, এই পরিস্থিতি তাদের প্রতিরোধের সংকল্প আরও শক্তিশালী করবে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

বুধবার সকালে পাকিস্তানের মধ্যস্ততায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেহরানও রাজি হয়।

তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবানন সেই চুক্তির আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #ইসরাইল