জাতীয়

আগামীতে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি পাবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগামীতে শিক্ষাখাতে বাজেট আরও বৃদ্ধি পাবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহিদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং এ খাতকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। স্বল্প সময়ে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিহার্য।

সেমিনারে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষাকে উচ্চশিক্ষার সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষা হচ্ছে, স্বল্প সময়ে হাতে কলমে শিখে রুটি রোজগার করে দেশকে স্বাবলম্বী করা, পরিবারকে সচ্ছল করা এবং সমাজকে সেবা করা। জার্মান, জাপান, ইউএসএ, কানাডা কারিগরি শিক্ষায় উন্নত হয়েছিল বলেই তারা পৃথিবীতে বড় দেশ হয়েছিল। আমি সেই কারিগরি শিক্ষার কথা বলছি। 

আগামীতে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি পাবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই বাজেট যথাযথভাবে ব্যবহার করতে হলে শিক্ষার কোন কোন ক্ষেত্রে ব্যয় করা প্রয়োজন, তা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হলে ব্যয়ের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নির্ধারণের বিকল্প নেই।

সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। এ সময় শিক্ষার্থীরা অনিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণে বিলম্ব এবং কারিকুলামের সঙ্গে সিলেবাসের অসামঞ্জস্যতার বিষয়গুলো তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এসময় তিনি জাতি গঠনের লক্ষ্যে সবার সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী #ড. আ ন ম এহছানুল হক মিলন