আন্তর্জাতিক

গাজা নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজাকে নিরস্ত্রীকরণের প্রস্তাব সরাসরি নাকচ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনটাই জানিয়েছেন আলোচনার সঙ্গে জড়িত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। তার দাবি, প্রস্তাবটি বাস্তবসম্মত নয় এবং এতে পক্ষপাতের বিষয়ও রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে নেওয়া পরিকল্পনাটিতে মূলত ইসরাইলকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে নিকোলাই ম্লাদেনভের (গাজার শান্তি পর্ষদের প্রতিনিধি) প্রস্তাবকে তারা পক্ষপাতদুষ্ট বলে মনে করছে।

হামাস স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা দ্বিতীয় ধাপের কোনো আলোচনায় যাবে না। অন্যদিকে ইসরাইলও বলছে, নিরস্ত্রীকরণে অগ্রগতি না হলে পরবর্তী ধাপে এগোনো সম্ভব নয়। ফলে অচলাবস্থা আরও জটিল হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং আংশিক সেনা প্রত্যাহার হলেও পরবর্তী ধাপে গাজা নিরস্ত্রীকরণ ও স্থায়ী শান্তির লক্ষ্য নির্ধারণ করা হয়।

তবে হামাসের দাবি, অস্ত্র ত্যাগের বিষয়টি আলাদাভাবে দেখা যাবে না। এটি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং সামগ্রিক রাজনৈতিক সমাধানের সঙ্গে যুক্ত। তাই আংশিক কোনো প্রস্তাব তারা গ্রহণ করবে না।

সংগঠনটি আরও বলেছে, গাজা থেকে ইসরাইলের পূর্ণ সেনা প্রত্যাহার, সীমান্ত খুলে দেওয়া, পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করা এবং পুনর্গঠন কাজ শুরু করার নিশ্চয়তা না থাকলে তারা আলোচনায় ফিরবে না।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হামাসের নিরস্ত্রীকরণ যেকোনোভাবেই বাস্তবায়ন করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফিলিস্তিন #হামাস