জাতীয়

বিশ্ববাজারের তুলনায় দেশে তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ বাড়লেও সরকার জনসাধারণের কথা চিন্তা করে দেশের বাজারে খুব সামান্য বাড়িয়েছে। বলেছেন বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকাপে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবে জনগণের স্বস্তির কথা চিন্তা করে  সরকার সেই অনুপাতে দাম বাড়ায়নি।

জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে উল্লেখ করে তিনি বলনে, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করে অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে ভোক্তা পর্যায়ে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

নতুন দাম অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। শনিবার দিবাগত রাত ১২ টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি তেল #জ্বালানি মন্ত্রী