বিনোদন

আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক

আবারও মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (১৯ এপ্রিল) এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি ও তার স্বামী রণবীর সিং।

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। দুটি ভিন্ন আচার সম্পূর্ণ হয় বিয়ের আয়োজন। একটি দীপিকার কঙ্কণি ঐতিহ্য অনুযায়ী এবং অন্যটি রণবীরের সিন্ধি সংস্কৃতি অনুযায়ী।

২০১৩ সালে একটি চলচ্চিত্রের শুটিং সেট থেকে তাদের সম্পর্কের সূচনা হয়। কয়েক বছর সম্পর্কের পর ২০১৫ সালে তারা গোপনে বাগদান করেন এবং ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান কন্যা দুয়ার জন্ম হয়।

একটি আন্তর্জাতিক সম্মেলনে দীপিকা জানান, মা হওয়ার পর তার জীবনের অগ্রাধিকার পুরোপুরি বদলে গেছে। আগে যেখানে ক্যারিয়ার ছিল প্রধান, এখন সন্তানের যত্ন ও দায়িত্বই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মাতৃত্ব তাকে নতুনভাবে জীবনকে দেখতে শিখিয়েছে। আগে নিজের স্বপ্ন ও লক্ষ্যকে ঘিরেই জীবন ছিল, এখন সেই জায়গায় এসেছে সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তা।

তিনি আরও জানান, এই অভিজ্ঞতা তাকে আরও সংবেদনশীল ও ধৈর্যশীল করে তুলেছে এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মূল্য বুঝতে শিখিয়েছে। তিনি চান, তার মেয়ে যেন স্বাভাবিক ও নিরাপদ শৈশব পায়।

অন্যদিকে রণবীর সিং বর্তমানে তার নতুন চলচ্চিত্রের সাফল্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি মুক্তির পরও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।

দীপিকার সামনেও রয়েছে বেশ কয়েকটি বড় চলচ্চিত্র। শিগগিরই তাকে একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে বড় বাজেটের ছবিতে দেখা যাবে, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #দীপিকা #রণবীর #দীপিকা পাড়ুকোন