নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার ক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে সিদ্ধান্ত হবে। জনগণের স্বার্থরক্ষা এবং জনগণের কাছে জবাবদিহি করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ডেফিনেটলি বর্তমান সরকার সেটি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে। কী সিদ্ধান্ত নেবে তা সিদ্ধান্ত নেয়ার সময় জানাব।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ বিভিন্ন জেটির অপারেশনাল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এনসিটি অপারেশন, হ্যান্ডলিং করার একটি প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনার যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা আছে। আবার ইতিবাচক সম্ভাবনা যেখানে তৈরি হয় সেখানে কিছু ছোটখাটো প্রতিবন্ধকতাও তৈরি হয়। একটি চেঞ্জ যখন আপনি আনবেন নিশ্চয় কিছু ক্ষতি হয় আবার কিছু অর্জনের সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, বন্দরের এনসিটি নিয়ে ইতোমধ্যে শ্রমিকরা আন্দোলন করছে, তাদের দাবি রয়েছে। বিদেশি কোম্পানি যদি বন্দরের অর্থনৈতিক বৃদ্ধিতে ভূমিকা রাখে, তখন সেদিকে চিন্তাভাবনা করা যাবে। তখন শ্রমিকরাও দেশের স্বার্থে আন্তরিক হবে।
তিনি আরও বলেন, ‘এই বন্দরে যারা বিনিয়োগ করতে চায়, তাদের কিছু কথা রয়েছে। তাদেরকে বিভিন্ন দেশ শ্রীলংকা, ভিয়েতনাম যেভাবে সুবিধা দিচ্ছে, তারা আবার সুবিধা নিচ্ছে। সে জায়গায় আমাদের প্রতিযোগিতার বিশ্বে কাজ করতে হবে’।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আই/এ