আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা

পানির নিচ থেকে মিলেছিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে ফ্লোরিডার ট্যাম্পা এলাকায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন পানিতে তার নিথর দেহের সন্ধান মেলে।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হিলসবরো কাউন্টির স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা দুই নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে ব্যাপক অনুসন্ধান অভিযান চালায়। এক পর্যায়ে ব্রিজের আশপাশে ডুবুরি দলকে নামানো হয়।

দীর্ঘ অনুসন্ধানের পর পানির নিচ থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

মৃত্যুর প্রকৃত কারণ এবং সময়ের বিষয়ে নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না।

এই ঘটনার তদন্তে নতুন মোড় এসেছে রুমমেটের গ্রেপ্তারের মাধ্যমে। জামিলের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ নামে একজনকে স্থানীয় পুলিশ আটক করেছে। ২৬ বছর বয়সী এই যুবক জামিলের সাথেই থাকতেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। 

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে পুরো বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং আইনি সহায়তার জন্য কাজ করা হচ্ছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন জামিল। গত ১৬ এপ্রিল সকালে তাকে সর্বশেষ ক্যাম্পাসের কাছাকাছি আবাসনের এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকেই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় তখন থেকেই তার সন্ধানে মাঠে নামে। সেই অনুসন্ধান প্রক্রিয়া হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দিকে মোড় নেয়ার পরই জামিলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ফ্লোরিডা #শিক্ষার্থী হত্যা