দেশজুড়ে

পুলিশের ভয়ে কানে ইয়াবা লুকিয়েছিল তরুণ!

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে পুলিশের হাত থেকে বাঁচতে সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট কানের ভেতরে লুকিয়ে ফেলার ঘটনায় এক তরুণের জীবন জড়িয়ে গেল ভয়াবহ জটিলতায়। শেষ পর্যন্ত দীর্ঘদিন কানে আটকে থাকা সেই ট্যাবলেট বের করতে অস্ত্রোপচারের আশ্রয় নিতে হয়েছে।

নিরব ইসলাম (১৯) নামের ওই তরুণ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিবের মাধ্যমে অস্ত্রোপচার করান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তার কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট বের করা হয়।

জানা গেছে, মাদকাসক্তি থেকে তাকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে বুধবার (২২ এপ্রিল) নিরবকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তিনি কানে তীব্র ব্যথার কথা জানাতে থাকেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বিশেষজ্ঞের কাছে নেয়া হয়।

চিকিৎসক আসাদুজ্জামান রাজিব পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, নিরবের কানের ভেতরে দুটি ট্যাবলেট আটকে আছে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো বের করা হয়।

নিরব ইসলাম জানান, প্রায় ৯ দিন আগে পকেটে ইয়াবা নিয়ে রাস্তায় হাঁটার সময় তিনি জানতে পারেন সামনে পুলিশ তল্লাশি করছে। ভয়ে হাতবদল করার সুযোগ না পেয়ে দ্রুত ট্যাবলেট দুটি কানের ভেতরে ঢুকিয়ে ফেলেন। পরে বাড়িতে গিয়ে কয়েকবার চেষ্টা করেও সেগুলো বের করতে পারেননি। বিষয়টি পরিবারকে জানালে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু কানে ব্যথা বেড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।

ডা. আসাদুজ্জামান রাজিব বলেন, রোগীকে পরীক্ষা করে কানের ভেতরে ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

তিনি আরও বলেন, কানের ভেতরে কোনো বস্তু এভাবে দীর্ঘদিন থাকলে শ্রবণশক্তি হারানোর পাশাপাশি স্থায়ী ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকে।

এদিকে মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী জানান, নিরবকে ভর্তি করার পর থেকেই তার কান দিয়ে পানি পড়ছিল এবং তিনি প্রচণ্ড ব্যথায় ছটফট করছিলেন। পরে চিকিৎসকের কাছে নেয়া হলে এই অবাক করা বিষয়টি ধরা পড়ে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #ইয়াবা #কান #লুকানো