নেত্রকোনার মদন উপজেলার ওসির বাসায় ডাকাতি মামলায় আরিফুল ইসলাম আরিফ (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে মদন বাজারে অস্ত্র ঠেকিয়ে ওসির বাসায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনা ঘটে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে পৌর শহরের সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ডাকাতির ওই মামলায় আরিফ সহ আরও কয়েকজন আসামি রয়েছে। অন্য আসামীরা কারাভোগ শেষে আদালতের মাধ্যমে জামিনে আছেন। আরিফের বিরুদ্ধে নিম্ন আদালতে একটি মাদক মামলায় ১০বছরের সাজা রয়েছে। তার ওই মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও আরিফের বিরুদ্ধে মদনসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ ৮টি মামলার বিচার কার্য চলমান রয়েছে।
ওসি মোঃ হাসনাত জামান জানান, ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামী আরিফুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়েছে। সে মাদক, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলার আসামী। শনিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
আই/এ