দেশজুড়ে

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো বৃদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মায়া রানী বগুড়া জেলার গন্ডার গ্রামের বাসিন্দা চন্দ্র মহাতোর স্ত্রী। জানা গেছে, তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকাবগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হচ্ছিলেন মায়া রানী। ঠিক সেই সময় বগুড়াগামী অরিন ট্রাভেলনামের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

ওসি মো. ইসমাইল হোসেন জানিয়েছেন, পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ