সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক আইনে করা একটি মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তৌহিদুল ইসলাম ফিরোজ নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (০৭ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তৌহিদুল ইসলাম ফিরোজ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে তাকেও চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম ফিরোজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজকে তার বেতকান্দির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, একটি বিস্ফোরক মামলার তদন্তে ফিরোজের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএ//