রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে মারধরের ঘটনায় নারী শিক্ষক আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
রোববার (২৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান এ আদেশ জারি করেন।
তিনি বলেন, কলেজটি জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। তদন্তের স্বার্থে ও তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।
এদিকে আজ বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপশাসনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষক ও কর্মচারীরা দাবি করেন, গত ২৩ এপ্রিল তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহার ও আর্থিক সহযোগিতার বিষয়ে কথা বলতে আসলে প্রদর্শক আলেয়া খাতুন হীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাঁদাবাজ অ্যাখা দিয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। ভিডিও বন্ধ করতে বললে আলেয়া তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণেই কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
আই/এ