আন্তর্জাতিক

ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: প্রতীকী ছীব

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ সচল রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে সহায়তা করার অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৯ এপ্রিল) মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  

বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর’ এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। তবে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই পদক্ষেপ তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ গ্রহণ করেছে। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল বাণিজ্যের ওপর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র একাধিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবে এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানি অব্যাহত রয়েছে এবং সেখান থেকে দেশটির আয়ের ধারাও চলমান রয়েছে।

ওয়াশিংটনের অভিযোগ, দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ইরান একটি বিকল্প আর্থিক কাঠামো বা ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ গড়ে তুলেছে। এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় পক্ষ ব্যবহার করে তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় রাখা হয় এবং পরে তা ইরানের প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসির কাছে পৌঁছে দেওয়া হয়।

ইরানের তেল বাণিজ্য ও বিপণনের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির প্রতিরক্ষা কাঠামো এবং আইআরজিসি— এমনটিও দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান মূলত এই তৃতীয় পক্ষের অংশ হিসেবে কাজ করছিল। তাদের মাধ্যমে আড়াল থেকে ইরানের তেল বিক্রির অর্থ সরকার ও সামরিক কাঠামোর কাছে পৌঁছাত বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ইরানের তেল খাতকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর আগে ১২ এপ্রিল ইরানের বিভিন্ন বন্দরে অবরোধ আরোপ করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নিষেধাজ্ঞা #ইরান #আইআরজিসি #যুক্তরাষ্ট্র