রাজধানীতে কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে সবজির দাম বেড়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বাড়িয়েছে। শুক্রবার (০১ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে চিকন বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়। বড় গোল বেগুনের দাম উঠেছে ১৩০ থেকে ১৫০ টাকায়। কাঁকরোলের কেজিও বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
এছাড়া টমেটো ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, পটোল ও ঝিঙে ৬০-৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। চারটি কাঁচকলার এক হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
শুধু সবজিই নয়, মুরগির বাজারেও দাম চড়া রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, একদিকে বৃষ্টির কারণে রাস্তাঘাটে চলাচলে দুর্ভোগ, অন্যদিকে বাজারে বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে বিক্রেতারা মূল্য বৃদ্ধির জন্য বৃষ্টিকে দায়ী করছেন। তাদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি আনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয় ও জ্বালানির খরচ বাড়ায় বাজারে প্রভাব পড়েছে।
বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সামনে সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এমএ//