যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আগে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও উদ্ধার করা হয়েছিল।
শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট বৃষ্টির ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। পরে জানানো হয়, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এর আগে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই স্থান থেকে মানবদেহের আরও কিছু খণ্ডিত অংশও পাওয়া যায় বলে জানায় কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত হয় গত ১৬ এপ্রিল, যখন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন (২৭) ও বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। প্রায় আট দিন পর ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
এ ঘটনায় লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কয়েকটি কালো রঙের ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ফেসবুক পোস্টে।
এসি//