আবহাওয়া

দুপুরের আকাশে ঝড়ের শঙ্কা, ১৩ জেলায় সতর্কতা

বায়ান্ন প্রতিবেদন

দুপুর গড়ানোর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও। ফলে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রোববার (০৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। আবহাওয়ার এই অস্থির পরিস্থিতি আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #দুপুর #ঝড় #১৩ জেলা #ঢাকা