আন্তর্জাতিক

৩০ দিনের মধ্যে যুদ্ধ অবসানের প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এক মাসের মধ্যে শেষ করতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির সর্বশেষ ১৪ দফা প্রস্তাবে ৩০ দিনের মধ্যে দুই দেশের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে শুধু যুদ্ধবিরতি নয়, পুরো যুদ্ধের অবসানই এই প্রস্তাবের মূল লক্ষ্য বলে জানিয়েছে তেহরান।

রোববার (০৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে আলজাজিরা জানায়, তেহরানের এ প্রস্তাবটি ওয়াশিংটনের আগের ৯ দফা পরিকল্পনার জবাব হিসেবে দেওয়া হয়েছে। এতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং লেবাননে ইসরাইলের সামরিক অভিযানসহ সব ধরনের সহিংসিত কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে।

এর আগে গেল সপ্তাহে ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা এখনও অব্যাহত রয়েছে। একইসঙ্গে টানা তিন সপ্তাহ ধরে চলা নাজুক যুদ্ধবিরতিও এখন পর্যন্ত কার্যকর আছে বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে ফোনালাপ হয়েছে। ওমান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিক দফা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত আছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #ইসরাইল