আন্তর্জাতিক

গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে ৮ হাজার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ দুই বছরের যুদ্ধে বিপুল ধ্বংসযজ্ঞের পর এখনো এক শতাংশেরও কম ধ্বংসাবশেষ অপসারণ করা সম্ভব হয়েছে।

রোববার (০৩ মে) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর এক কর্মকর্তার বরাত দিয়ে হারেৎজ জানায়, ধ্বংসস্তূপ সরানোর কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো প্রক্রিয়া শেষ করতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।

বোমাবর্ষণে বিধ্বস্ত ভবনের নিচে আটকে থাকা স্বজনদের মরদেহ উদ্ধারের অপেক্ষায় দিন গুনছেন অনেক ফিলিস্তিনি পরিবার। তবে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

এদিকে গেল বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও দখলদার ইসরাইলি বাহিনী হামলা পুরোপুরি বন্ধ করেনি বলে অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৮২৮ জন নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।

দুই বছরব্যাপী সংঘাতে গাজায় প্রাণ হারিয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭২ হাজার ফিলিস্তিনি। ধ্বংস হয়েছে প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো। জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকাটি পুনর্গঠনে প্রয়োজন হতে পারে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #ইসরাইল #গাজা