দেশজুড়ে

আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালালো দুই আসামি, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত চত্বর থেকে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ শাহীন নামের এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে। এ সময় পালানোর চেষ্টা করলে সজল নামের অপর এক আসামিকে উপস্থিত জনসাধারণের সহায়তায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পলাতক শাহীন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে এবং আটক সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।

মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।  আদালতে পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ শাহীন ও সজলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতে হাজিরের জন্য আনা হয়।

তবে আদালতে উপস্থাপনের পূর্বেই তারা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। এ সময় শাহীন হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে, জনসাধারণের সহায়তায় সজলকে পুনরায় আটক করা হয়।

পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া