কয়েক দিনের টানা বৃষ্টি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় রাজধানীর সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাজারভেদে অধিকাংশ সবজির দাম এখন ৮০ থেকে ১০০ টাকার ঘরে পৌঁছেছে। বিশেষ করে শসা, বেগুন ও কাঁকরোলের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে।
শুক্রবার (০৮ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে। দেশি শসা বিক্রি হচ্ছে ১২০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকা কেজিতে।
এছাড়া পটল ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা এবং ঢেঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা এবং জালি প্রতি পিস ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি এখন ১৬০ টাকা, পেঁপে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। শসা, করলা, বেগুন, কাঁকরোল সবই ১২০ টাকা।
শুধু সবজিই নয়, বেড়েছে মুরগি ও গরুর মাংসের দামও। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজিতে এবং কালারবার্ড বা হাইব্রিড সোনালি ৩২০ থেকে ৩৩০ টাকায়। গরুর মাংসের দাম কেজিতে আরও ৫০ টাকা বেড়ে এখন ৮০০ থেকে ৮৫০ টাকায় পৌঁছেছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে বেগুনের দাম বেড়েছে ৮২ শতাংশ, কাঁচা মরিচের দাম ৬৭ শতাংশ এবং শসার দাম ৩০ শতাংশ। একই সময়ে ডিমের দামও হালিপ্রতি প্রায় ১৫ শতাংশ বেড়েছে।
এদিকে বিক্রেতারা জানিয়েছে, বৃষ্টি, পরিবহন ব্যয় ও জ্বালানির খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারে।
এমএ//