জাতীয়

অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় শিশুদের চিকিৎসায় আধুনিক ৬ হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে। সম্প্রতি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এমন খবরের পর দ্রুত হাসপাতালগুলো চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১০ মে)  প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

পত্রিকায় প্রকাশিত এমন খবর পড়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে এ নির্দেশ দেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আগামী ২ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে।

বৈঠকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালসহ বাকি হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া ১ হাজার শয্যাবিশিষ্ট নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী