দেশজুড়ে

অবৈধ সীসা কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মধ্যপাড়া বাজার এলাকায় অবৈধ সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৫ মে) বাদ জুম্মা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় গড়ে ওঠা অবৈধ সীসা কারখানার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট, কিডনি সমস্যা ও বিভিন্ন জটিল রোগ বেড়ে যাচ্ছে।

তারা আরও বলেন, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে জরিমানা করা হলেও কিছুদিন পর আবারও চালু হয়ে যায় কারখানাটি।

এই কারখানার বিষাক্ত প্রভাবে আমাদের স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে পড়েছে। দ্রুত এটি বন্ধ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করে অবৈধ সীসা কারখানাটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ