রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে ঘটনায় শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোষ্ট করেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।
তিনি লিখেন, তুমি চলে গেছ— তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।
তিনি আরও লিখেন, আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।
সবশেষে তিনি লিখেন, আল্লাহ তা'আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার স্ত্রী স্বপ্না। পুলিশের ভাষ্য অনুযায়ী, জাকির বিকৃত যৌন আচরণের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি স্ত্রীকেও বিভিন্ন সময় নির্যাতন করতেন।
ঘটনার পর ফ্ল্যাট থেকে স্বপ্নাকে আটক করা হলেও সুযোগ নিয়ে জানালার গ্রিল কেটে পালিয়ে যান জাকির। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, পরে জানা যায় তিনি নারায়ণগঞ্জ এলাকায় একটি বিকাশের দোকান থেকে টাকা উত্তোলনের চেষ্টা করছিলেন। এ তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এসি//